১৪ অক্টোবর ২০২৫ | ১১:৫৮
জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ, জনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com
পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল
কুষ্টিয়া, বাংলাদেশ:
জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজন পলাতক আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার সকালে আদালত এই নির্দেশ দেন। এর আগে হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। একইসঙ্গে তাদের ১৪ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় ছয়জনকে হত্যা করা হয়। দুপুর দেড়টা থেকে বিকেল চারটার মধ্যে বক চত্বর, বার্মিজ গলি, হরিপুর গামী রাস্তা, তুলা পট্টি এবং ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সংঘটিত ওই হত্যাকাণ্ডে নিহত হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুত্তাকিন, মো. উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ।
এই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল তদন্ত সম্পন্ন করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলন দমন এবং সরকারবিরোধী জনরোষ নিয়ন্ত্রণের নামে ওই হত্যাকাণ্ড সংগঠিত হয়।
ট্রাইব্যুনালের সর্বশেষ আদেশ অনুযায়ী, আসামিদের হাজিরা না দিলে পরবর্তী ধাপে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com