মো. সুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন।
মতবিনিময়কালে সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করার বিষয়ে নিজেদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা জানান।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমের মাধ্যমে জনগণকে সচেতন করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিত ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।
সভায় পুলিশ সুপার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক পরামর্শকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, বিপিএমসহ গাজীপুর জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া সভায় গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।