এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। একই দিনে মাদক সেবনের অভিযোগে পাঁচজনসহ বিভিন্ন মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পৃথক অভিযানে মোট নয়জনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়ধুশিয়া আদর্শ কলেজ গেটের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, অভিযানের সময় মো. জালাল উদ্দিন (৪৩) নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাউছিয়া পাওয়ার হাউসের সামনে পৃথক অভিযান চালানো হয়। সেখানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. এনামুল হক ওরফে শানু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একই দিনে মাদক সেবনের অভিযোগে বাহারুল ইসলাম (২৪), হাসান (৩৮), হাসান (২০), লিমন হোসেন (২৩) ও আল আমিন (২১) নামে পাঁচজনকে আটক করে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি হেলাল উদ্দিন (৪৫) ও বিল্লাল হোসেন (৩৭) এবং চুরির মামলার পলাতক আসামি মো. রবিউল হাসান (১৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
তবে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের প্রকৃত উৎস, পরিবহন ও সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।