গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি আবদুল জলিল নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সৈনিল ক্লাব ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের মোট ১৫ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে উত্তম শর্মা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আবদুল জলিল ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মাহাবুর রহমান আঙ্গুর পেয়েছেন ৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল্লাহ সাইফ ও জাহিদুল ইসলাম হাসান উভয়েই ৭টি করে ভোট পান। এ পদে একটি ভোট বাতিল হওয়ায় ফলাফলে সমতা দেখা দেয়। কোষাধ্যক্ষ পদে রেজাউল ইসলাম ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক পেয়েছেন ৭ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য মমিনুর রশিদ (শাহীন), পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিনুল বাহার এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু।
নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রার্থী ও ভোটাররা সন্তোষ প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সাইফ ও কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তাঁরা বলেন, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবকে আরও কার্যকর, গতিশীল ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করা হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমকর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করায় বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।