বেনাপোল প্রতিনিধি
বেনাপোল সীমান্ত দিয়ে শরীরের অভ্যন্তরে স্বর্ণ লুকিয়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে আল মামুন নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তার রেকটামের ভেতর থেকে ৮২ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চোরাচালানসংক্রান্ত তথ্যের ভিত্তিতে বেনাপোল সার্কেলের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বেনাপোল ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ভারতগামী সন্দেহভাজন যাত্রী আল মামুনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তবে প্রাথমিকভাবে তার শরীর ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে কোনো স্বর্ণের সন্ধান পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের সময়ও তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।
কর্মকর্তাদের সন্দেহ থাকায় পরবর্তী সময়ে ওই যাত্রীর শরীরের এক্স-রে পরীক্ষা করা হয়। এক্স-রে প্রতিবেদনে তার শরীরের অভ্যন্তরে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি শরীরের ভেতরে স্বর্ণ বহনের কথা স্বীকার করেন।
পরে তার কাছ থেকে রেকটামের ভেতরে লুকানো ৮২ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।
কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম হাউস, বেনাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় শরীরের অভ্যন্তরে স্বর্ণ লুকিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ওই যাত্রীর সঙ্গে অন্য কোনো ব্যক্তি কিংবা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সীমান্ত এলাকায় এ ধরনের অভিনব পদ্ধতিতে স্বর্ণ পাচারের চেষ্টা ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর
আমরা জনতার কণ্ঠস্বরকে প্রকাশ করি