২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩০ জনতার কণ্ঠস্বর ডেস্ক দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ,
হাতিয়ায় শালিশের নামে জোরপূর্বক স্ট্যাম্প আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন, পরিবারের দাবি—আইনি ব্যবস্থা নিন
রিপোর্ট:
নোয়াখালীর হাতিয়ায় পূর্ববিরবিরি গ্রামে এক পরিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছেন যে, স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি মিথ্যা প্রেমের কাহিনী সাজিয়ে শালিশের নামে তাদের পরিবারকে জিম্মি করার চেষ্টা করেছেন। এঘটনায় জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে এবং অর্থ আদায়ের চেষ্টাও করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. সাহেদ উদ্দিন, মো. নিজাম উদ্দিন, জাহেদুল ইসলাম, পারভেজ, হকসাব, কামরুল, দিদার উদ্দিনসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মো. সাহেদ উদ্দিন। তিনি জানান, তাঁর ছোট ভাই পল্লী চিকিৎসক মো. নাহিদ উদ্দিনকে জড়িয়ে মিথ্যা প্রেমের কাহিনী তৈরি করা হয়েছে। স্থানীয় প্রভাবশালী মো: সোহেল, প্রজেক্ট ফারুক, বড় আমির, সুমন, কাদের আশ্রাফ, নিশান, রুবেল, রবিন, মাইনুউদ্দিন, জামসেদ ও বাবলুসহ কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে পরিবারের লোকজনকে ডেকে নিয়ে গিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং মোটা অংকের টাকা দাবি করেন।
সাহেদ উদ্দিন আরও বলেন, “আমাদের পরিবারের সাথে ওই তরুণীর কোনো সম্পর্ক নেই। এটি কোনো সামাজিক সালিশ নয়, বরং পূর্বপরিকল্পিত নির্যাতনের ঘটনা। আমাদের মানসম্মান ক্ষুন্ন করার জন্য কিছু লোক বানোয়াট নাটক সাজিয়েছে।” তিনি জানিয়েছেন, স্থানীয় পরিচিত হাসান মাঝিকে বিষয়টি সমাধানের জন্য আনা হলেও কার্যকর কিছু হয়নি। পরে তারা আইনজীবী এডভোকেট সাদ্দাম সাহেবের মাধ্যমে আইনি প্রতিকার চেয়েছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টার: সাহেদ উদ্দিন বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক