সাইবেরিয়ান ভিসা লাগানো ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ১ ট্রাকচালক আটক
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
সাইবেরিয়ান ভিসা সংযুক্ত ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেনাপোল বন্দরে একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে তাকে আটক করা হয়।
আটক ট্রাকচালকের নাম বেচারাম প্রামাণিক (৪৩)। তার ট্রাকের নম্বর WB-25,F-4310। গোপন সংবাদের ভিত্তিতে তার বহনকৃত ব্যাগ তল্লাশি করে ২০টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়, যেগুলোর প্রত্যেকটিতে ২৪ জুন তারিখে সাইবেরিয়ার ভিসা লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, ইউরোপীয় দেশগুলোতে অবৈধ প্রবেশের উদ্দেশ্যেই এসব ভিসা সংগ্রহ করা হয়েছিল।
আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, ট্রাকচালক পেট্রাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করলে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এরপর তার ব্যাগ থেকে পাসপোর্টগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা পাসপোর্টগুলো হলো- চাঁদপুরের মনোহরগাজীর ছেলে মোজাম্মেল হোসেন, নোয়াখালীর রফিউল্লার ছেলে ইমরান হোসেন, কিশোরগঞ্জের রিপন মিয়ার ছেলে অপূর্ব মিয়া, ঢাকার আব্দুল মাজিদের ছেলে ফয়সাল আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়ার হাজি আব্দুল মান্নানের ছেলে ইসহাক, সাতক্ষীরার খলিল গাজীর ছেলে হুমায়ন কবির, ঢাকার দানেশ আলীর ছেলে নাজমুল ইসলাম, গাজীপুরের আব্দুর রশিদের ছেলে আবুল হোসেন, মানিকগঞ্জের আবুল কাশেমের ছেলে শরিফুল ইসলাম, নোয়াখালীর আব্দুল মোতালেবের ছেলে আব্দুল কাদের, আলাউদ্দীনের ছেলে আব্দুল আজিজ, সাহেব উদ্দীনের ছেলে আব্দুর রহিম, অমল চন্দ্র দাসের ছেলে রুপম চন্দ্র দাস, সাতক্ষীরার রেজাউল ইসলামের ছেলে তানভির হাসান, নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, নূর হোসেনের ছেলে পলাশ হোসেন, নুর মোহাম্মদ শেখের ছেলে জাকারিয়া, ইউনুছের ছেলে আবু সাঈদ, ফেনির মোরশেদ আলমের ছেলে আব্দুল করিম ও নরসিংদীর বাতেন মিয়ার ছেলে ফাইম মিয়া।
উদ্ধারকৃত পাসপোর্টধারীরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। এ ঘটনায় রাতেই বন্দর এলাকায় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাসপোর্টধারীরা কোনো রাজনৈতিক বা অপরাধী চক্রের সদস্য কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আটক ট্রাকচালক ও জব্দকৃত পাসপোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।