জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ – জনতার কণ্ঠস্বর
ঢাকা: দুর্নীতির মামলায় আদালত কর্তৃক দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ডের (মুসক বাস্তবায়ন) কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত বাংলাদেশ থেকে সরকারি অনুমোদন ছাড়া অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বিষয়টি আন্তর্জাতিক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে দৃষ্টিকটু উদ্বেগ সৃষ্টি করেছে।
বেলাল হোসেন চৌধুরী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুমোদিত ইন্দোনেশিয়ার জিও (গভর্নমেন্ট অর্ডার) ব্যবহার করে এই যাত্রা সম্পন্ন করেছেন। তবে বাস্তবে তিনি ইন্দোনেশিয়ার পরিবর্তে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশ্যে ঢাকা এয়ারপোর্ট ত্যাগ করেন। বিষয়টি প্রশ্নবিদ্ধ, কারণ এই জিও ইন্দোনেশিয়া ভ্রমণের জন্য প্রযোজ্য ছিল।
গত অগাস্ট মাসের শেষ সপ্তাহে দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা জনাব আকতারুল ইসলাম, উপপরিচালক (জনসংযোগ) নিশ্চিত করেন যে, বেলাল হোসেন চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে।

তবে, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের কিছু কর্মকর্তা Star Tech Ltd নামক কম্পিউটার যন্ত্রপাতি বিক্রয়কারী প্রতিষ্ঠানের অর্থায়নে বেলাল হোসেনসহ মোট ১১ জন কর্মকর্তাকে ইন্দোনেশিয়ায় ভ্রমণে অনুমোদন দেন। Star Tech Ltd-এর চেয়ারম্যান মোঃ রাশেদ আলী ভূঁইয়া প্রাক্তন আওয়ামী লীগের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রী মোস্তফা জব্বারের ঘনিষ্ঠজন। মোস্তফা জব্বারের সুপারিশে তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতির চট্টগ্রাম শাখার ভাইস প্রেসিডেন্টও হয়েছিলেন।

Star Tech Ltd-এর বিরুদ্ধে মানি লন্ডারিং ও অনিয়মের অভিযোগ রয়েছে, যা জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব তদন্তাধীন। এমন পরিস্থিতিতে স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কতটা যৌক্তিক, তা প্রশ্নবিদ্ধ। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত ভ্রমণ ও প্রশিক্ষণ খরচ কীভাবে প্রেরণ করা হয়েছে, তা সমীক্ষা ও তদন্তের বিষয়।
বেনাপোল কাস্টমসে বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে স্বর্ণ চুরি, বিটকয়েনের মাধ্যমে অর্থ পাচার, অনুমতিবিহীন বিদেশ ভ্রমণ, পরিবারের সদস্যদের বিদেশী নাগরিকত্ব গ্রহণ, দেশ–বিদেশে সম্পদ ক্রয় এবং লাগামহীন ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের তদন্ত চলমান।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকেট অনুযায়ী তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরের SQ447 ফ্লাইটে রাত ০৬:০০ টায় অবতরণ করবেন। এরপর SQ211 ফ্লাইটে তিনি সিডনির উদ্দেশ্যে সকাল ০৯:২৫ মিনিটে সিঙ্গাপুর ত্যাগ করবেন এবং স্থানীয় সময় সন্ধ্যা ৭:২৫ মিনিটে অস্ট্রেলিয়াতে পৌঁছাবেন।
এই পরিস্থিতি আন্তর্জাতিক কমিউনিটি ও প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা সৃষ্টি করেছে। সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার বর্ডার ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবহিত করা হলে, তারা যথাযথ পদক্ষেপ নিয়ে বেলাল হোসেন চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবেন।
জুলকারনাইন সাইর, আল-জাজিরার সাংবাদিক, এই ঘটনাটি নিয়ে ফেসবুক পোস্টে বিস্ফোরক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন—কীভাবে একজন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা দেশের প্রধান উপদেষ্টার নির্দেশ অমান্য করে এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সরকারি সহযোগিতার মাধ্যমে বিদেশ ভ্রমণ সম্পন্ন করতে পারলেন।
এই ঘটনায় সংশ্লিষ্ট সকলকে দ্রুত শনাক্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।