আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
মোঃ মাইনুদ্দিন শিকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুরের ডেগের চালা এলাকার ফকির মার্কেটে অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর কারখানার ভবনে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত ৬৭ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে অন্যান্য ইউনিটও।
বিকেল সোয়া ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। একই সঙ্গে ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় পর্যন্ত ৬৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন নেভানোর পাশাপাশি ভবনে আটকে পড়াদের নিরাপদে বের করে আনতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।