নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএনএ’র উদ্যোগে বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনা
মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এক অনন্য সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএনএ’র (United NRB Association – UNA) আয়োজনে গত ১৮ অক্টোবর ২০২৫, শনিবার, নিউইয়র্কের জুইস সেন্টার, জ্যাকসন হাইটস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিক্ষাবিদ মোশাররফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের এক অনাবিল উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা, কমিউনিটি লিডার, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এনামুল হক ভূঁইয়া, সভাপতি—প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএনএ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ শওকত আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইউএনএ; নাজমুল আহসান, সম্পাদক, বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্ক; এবং বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম সাগর।
প্রধান অতিথির বক্তব্যে ড. এনামুল হক ভূঁইয়া বলেন,“মোশাররফ হোসেন খান চৌধুরী শুধু একজন শিক্ষানুরাগী নন, তিনি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক অনুপ্রেরণার প্রতীক। তাঁর অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি গ্রামীণ শিক্ষার প্রসার, নারী শিক্ষার উন্নয়ন এবং সমাজে আলোকিত মানুষ তৈরিতে অবদান রেখে চলেছেন। আজ প্রবাসের মাটিতে তাঁকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।”
সংবর্ধিত অতিথি মোশাররফ হোসেন খান চৌধুরী তাঁর সংবর্ধনা গ্রহণকালে আবেগঘন কণ্ঠে বলেন,“প্রবাসে থেকেও আপনারা দেশের কথা ভাবেন, দেশের শিক্ষা, উন্নয়ন আর তরুণ প্রজন্মের অগ্রগতির কথা ভাবেন—এটাই বাংলাদেশের শক্তি। আপনাদের ভালোবাসা ও সম্মান আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে শিক্ষা ও সমাজ উন্নয়নে নিবেদিত থাকতে।”
তিনি আরও বলেন,“আমাদের দেশে যে কোনো উন্নয়নের ভিত্তি হতে হবে শিক্ষা। প্রবাসে থাকা প্রজন্মকে মাতৃভূমির শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে। একদিন প্রবাস ও দেশ—এই দুই প্রান্তের সেতুবন্ধনই বাংলাদেশকে আরও উজ্জ্বল করবে।”অনুষ্ঠানে তাঁর শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ক্রেস্ট, সম্মাননাপত্র ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়া সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএনএ’র সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী অনুষ্ঠানের সঞ্চালনা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ইউএনএ।
অনুষ্ঠান শেষে প্রবাসী অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ নৈশভোজের আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে মোশাররফ হোসেন খান চৌধুরীর প্রতি প্রবাসীদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রমাণ করে যে, তাঁর কর্ম, দৃষ্টি ও শিক্ষার প্রতি অঙ্গীকার বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত হয়েছে।