আশাশুনি, সাতক্ষীরা | ২৬ জুলাই ২০২৫
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বিএনপির তৃণমূল পুনর্গঠনের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন। শনিবার বিকালে খাজরা ইউনিয়নের কাপসন্ডা বাজারে আয়োজিত এ সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য আছিফুর রহমান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জেলা বিএনপির সদস্য হেদায়েতুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আবিদুর হক মুন্না, জেলা আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাড. নুরুল আমিন, আশাশুনি উপজেলার বিএনপির সাবেক সদস্যসচিব জাকির হোসেন বাবু এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এছাড়া যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে ৯টি ওয়ার্ডের নতুন কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের শপথ পাঠ করেন এবং বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথি শেখ মাসুম বিল্লাহ শাহীন তার বক্তব্যে বলেন—
“দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করতে হবে। কোনো গ্রুপিং বা সুবিধাবাদী মনোভাব নয়—দলের প্রতি যাদের দীর্ঘদিনের নিবেদন ও অবদান রয়েছে, তাদেরই নেতৃত্বে আনতে হবে। কারণ, তৃণমূলের প্রকৃত কর্মীরাই বিএনপির প্রাণ।”
তিনি আরও বলেন—
“এই ওয়ার্ড কমিটিগুলিই আগামীতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের ভিত্তি হয়ে উঠবে। নেতৃত্বে যারা আসবেন, তাদের দায়িত্ব হবে কর্মীদের পাশে থাকা, দলের কর্মসূচি বাস্তবায়ন ও জনগণের মাঝে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করা। এখানে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা সুযোগসন্ধানীর জায়গা হবে না।”
অন্যান্য বক্তারাও তৃণমূলের ঐক্য, দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ভিত্তি মজবুত করতে হবে এখনই।
সম্মেলন শেষে খাজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় করতালি, স্লোগান ও নেতাকর্মীদের মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।