ভাইবোনছড়ায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীর সাথে সাক্ষাৎ করতে চট্টগ্রামে আসছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার | দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়ায় সেটলার সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত নৃশংস দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীর সাথে সাক্ষাৎ করতে ঢাকা থেকে একটি উচ্চপর্যায়ের নাগরিক প্রতিনিধি দল চট্টগ্রামে আসছেন। বর্তমানে ভুক্তভোগী কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হিল উইমেন্স ফেডারেশনের নেতৃত্বে গঠিত এ প্রতিনিধি দলে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নারী অধিকারকর্মী, ছাত্র সংগঠনের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজীবীগণ। আগামীকাল, সোমবার (২১ জুলাই ২০২৫) সকালে দলটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন।
চট্টগ্রাম পৌঁছে প্রতিনিধি দলটি দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরী ভিক্টিম ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন। পরে বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দলবদ্ধ ধর্ষণের পৈশাচিক ঘটনার বিস্তারিত তুলে ধরবেন।
হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেন, “এই ভয়াবহ ঘটনা শুধু একজন কিশোরী নয়, সমগ্র পাহাড়ি নারীর উপর একটি নির্লজ্জ হামলা। আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, প্রতিনিধি দলটির সফরকালে যথাযথ নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হোক।”
সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, চিত্রগ্রাহক ও মানবাধিকার সংগঠকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
এই ঘটনা পাহাড়ি নারীদের প্রতি চলমান সহিংসতা ও রাষ্ট্রীয় উদাসীনতার বহিঃপ্রকাশ বলেও দাবি করেছেন নারী অধিকার কর্মীরা।