নির্বাচনের উৎসবমুখর পরিবেশে
তিন পার্বত্য আসনে বিএনপি প্রার্থীরা বিজয়ী
এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান তিন পার্বত্য জেলার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের মোট ২০৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের দুই দিন আগে থেকেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কাঠোর তদারকি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে পুলিশ, আনসার ভিডিপি, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
খাগড়াছড়ির কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন ঘিরে জেলার ৯ উপজেলাগুলোতে সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯ উপজেলার ৮৭টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে সর্বমোট ভোটার রয়েছেন ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮২ হাজার ২০৪ জন ও মহিলা ভোটার ২ লাখ ৭১ হাজার ৯১০ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছে।
খাগড়াছড়ি ২৯৮ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ০৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট। খাগড়াছড়ি ২৯৮ আসনে ভোট কেন্দ্র রয়েছে ২০৩টি। মোট ভোটার সংখ্যা রয়েছে ৫ লাখ ৫৪ হাজার ১১৪। তন্মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৮০ হাজার ২০৬ জন এবং মহিলা ভোটার রয়েছে ২ লাখ ৭৩ হাজার ৯০৮ জন।
রাঙামাটি পার্বত্য জেলার রাঙামাটি ২৯৯ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১০৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ২৭ হাজার ৮২৪ ভোট। রাঙামাটি ২৯৯ আসনে মোট ভোট কেন্দ্র ২১৩টি। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৪১১ জন এবং মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৮৬১ জন।
বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান ৩০০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরি ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মো. আবুল কালাম আজাদ ভোট পেয়েছেন মাত্র ২ হাজার ৭৭২ ভোট। বান্দরবান ৩০০ আসনে মোট ভোট কেন্দ্র ১৮৬টি। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ । পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন।
পর্যবেক্ষকদের সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ আসনে ৬২.০০% শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৫৫৮।
খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯ উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে প্রতিপক্ষ প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিশেষভাবে লক্ষ্য করা গেছে।
বেলা ১১টার দিকে দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা নাসরিন সুলতানা সাংবাদিকদের বলেন, সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রয়োগ করছেন। তিনি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনগণের প্রতি আহবান জানান।
এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধি দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ।