৭ সেপ্টেম্বর ২০২৫ | ঢাকা | জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com
৭ই সেপ্টেম্বর রাতে আকাশ জুড়ে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্যপটের সাক্ষী হবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ। এদিন সংঘটিত হবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
বাংলাদেশ সময় রাত ৯টা ১৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে, সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে রাত ১২টা ১১ মিনিটে এবং শেষ হবে রাত ২টা ৫৫ মিনিটে। অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা স্থায়ী হবে এ গ্রহণ।
বাংলাদেশের সব জেলা থেকেই একই সময়ে এ গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। আলাদা অঞ্চলভেদে সময়ের কোন পার্থক্য থাকবে না। বিশেষজ্ঞদের মতে, এ গ্রহণ খালি চোখেই দেখা যাবে, টেলিস্কোপ বা বিশেষ কোন যন্ত্রের প্রয়োজন হবে না।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এদিন দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া পরিষ্কার থাকতে পারে, তাই গ্রহণ দেখায় কোনো বড় বাধা তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এ ছাড়া গ্রহণ দেখার জন্য কোনো ধরনের সাবধানতা অবলম্বন করারও দরকার নেই।
বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান সমিতি আহ্বান জানিয়েছে, গ্রহণকে ঘিরে যে সব কুসংস্কার সমাজে প্রচলিত আছে, তা থেকে জনগণকে বিরত থাকতে হবে। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাভাবিক একটি ঘটনা।
এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সব ধাপই বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে। তাই আজ রাত আকাশপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞান অনুরাগীদের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা।
বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com