হাতিয়ায় ডাকাত সর্দার নিজাম কে গ্রেপ্তার করায় জেলেদের আনন্দ মিছিল।
মোঃ শাহেদ উদ্দিন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ার উপকূলীয় এলাকায় দীর্ঘ দিন ধরে ক্রাশ সৃষ্টিকারী দুর্ধর্ষ ডাকাত সর্দার নিজাম কে কোস্টগার্ড গ্রেপ্তার করায় আনন্দ মিছিল করেছে সাধারণ জেলেরা। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার জিরোপয়েন্ট থেকে শুরু করে হাতিয়া থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলেরা ডাকাত ও সন্ত্রাস মুক্ত নিরাপদ উপকূল গড়ার স্লোগান দেয়। আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আজিজুল হকের ছেলে। সে দীর্ঘ দিন ধরে মাছের ব্যাবসার আড়ালে নদীতে মাছ লুট করা, চর দখল করে ঘের তৈরি করা, মাছের ট্রলার ডাকাতি সহ নানান অপকর্ম করে আসছে। অপকর্মের হোতা এই নিজাম ডাকাতের একটি সুসজ্জিত ডাকাত বাহিনী গ্রুপ রয়েছে। যাদের কে দিয়ে এতদিন নিজে আড়ালে থেকে এ সকল অপরাধ করতো বলে জানান কোস্টগার্ড ও স্থানীয়রা। স্থানীয় জেলে আব্দুর রহিম (২০) বলেন, এই নিজাম ডাকাতের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তার কারণে আমরা নদীতে মাছ শিকার করতে পারিনা। কেউবা মাছ ধরে আনলেও পথে মধ্যে তার লুটতরাজের শিকারে পরিণত হতো। সে পতিত আওয়ামীলীগ সরকারের স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করত। বর্তমানে বিএনপির নাম ভাঙ্গিয়ে আগের অপকর্ম যথারীতি চালিয়ে আসছে। তাকে আটক করায় আমরা কোস্টগার্ডকে ধন্যবাদ জানাই। যানা যায়, শুক্রবার ভোরে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার মাছ ঘাট থেকে ডাকাত সর্দার নিজাম কে আটক করে কোস্টগার্ড। পরে তার দেওয়া তথ্য মতে তার মাছের আড়ত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হাত বোমা, বগিদা জব্দ করা হয়। আটক নিজাম কে কোস্টগার্ড অস্ত্র আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করে।