তারিখ: ৪ আগস্ট ২০২৫ | সময়: সন্ধ্যা ৬:১৫
রিপোর্টার: জনতার কণ্ঠস্বর ডেস্ক
সাতক্ষীরার দেবহাটায় শহীদ আসিফের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল
সাবেক এমপি কাজী আলাউদ্দিনসহ গণ্যমান্যদের উপস্থিতি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কপুর এলাকায় শহীদ আসিফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (৪ আগস্ট ২০২৫) এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মাহফিল আয়োজিত হয় আস্কপুর বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে।
২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন আসিফ। তাঁর আত্মার মাগফিরাত কামনায় মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেজাউল করিমসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে শহীদ আসিফের পিতা মাহমুদ আলম, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং অগণিত এলাকাবাসী অংশ নেন। বক্তারা আসিফের সাহস, মানবিকতা ও সমাজ সচেতন ভূমিকার স্মৃতিচারণ করেন এবং তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
তাঁরা বলেন, এমন জঘন্য ও অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সমাজকে রুখে দাঁড়াতে হবে। একমাত্র জনগণের ঐক্য, সচেতনতা ও প্রতিরোধই পারে ভবিষ্যতে আর কোনো আসিফকে হারানোর আগেই অপশক্তিকে পরাজিত করতে।