সখীপুরে ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎ বিচ্ছিন্ন—এলাকাজুড়ে আতঙ্ক
বিশেষ প্রতিনিধি: গৌরাঙ্গ বিশ্বাস
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দুর্ধর্ষ ট্রান্সফরমার চুরির ঘটনায় পুরো একটি এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার শোলাপ্রতিমা গ্রামের মধ্যপাড়া এলাকায় সংঘটিত এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে সংঘবদ্ধ একটি চোরচক্র কৌশলে বৈদ্যুতিক ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। গভীর রাতে ঘটনাটি সংঘটিত হওয়ায় কেউ তাৎক্ষণিকভাবে কিছু টের পাননি।
ট্রান্সফরমার চুরির ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে ঘরোয়া কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় রবিবারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ পাওয়া যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অন্তত তিন দিন বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হতে পারে বলে মনে করছেন তারা।
এমন পরিস্থিতিতে এলাকাবাসী নিজেরাই নতুন ট্রান্সফরমার ক্রয়ের জন্য অর্থ সংগ্রহে নেমেছেন। তবে বিষয়টি সম্পূর্ণভাবে কর্তৃপক্ষের দায় বলে মনে করছেন ভুক্তভোগীরা।
এদিকে, বারবার ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারসহ স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।