শিবপুর পৌরসভার ২০২৫-২৬ বাজেট ঘোষণা: অবকাঠামো ও নাগরিক সেবায় জোর
মোঃ কামাল হোসেন প্রধান
জেলা প্রতিনিধি, নরসিংদী
নরসিংদী, ২৯ জুলাই:
নরসিংদীর শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে শিবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বাজেট উপস্থাপন করা হয়।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোশতানসির বিল্লাহ, এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বাজেট ঘোষণায় রাজস্ব আয়, ব্যয়ের খাত ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। পৌর প্রশাসক তার বক্তব্যে বলেন, “এই বাজেট শুধু হিসাবের খাতা নয়— এটি নাগরিকদের জীবনমান উন্নয়নের রূপরেখা। অবকাঠামো, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা এবং নগর ব্যবস্থাপনায় আধুনিকায়নের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও জানান, ভবিষ্যতে একটি স্মার্ট ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তুলতেই এই বাজেটে টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এ ধরনের বাজেট ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা, যারা উন্নত নাগরিক সেবা ও স্বচ্ছ পৌর প্রশাসন প্রত্যাশা করছেন।