৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:৩০
জনতার কণ্ঠস্বর ডেস্ক দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ জনতার কণ্ঠস্বর www.bangladeshprothomsangbad.com
যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় একটি আমদানিবাহী ট্রাক থেকে ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পরে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
রোববার দুপুরে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে নিয়মিত তল্লাশির সময় কাঁচা মরিচবাহী ট্রাকটির কেবিন থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটক দুজন হলেন ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার বাসিন্দা গুরজীত সালুজা ও রাম দাস নাওয়াদি।
৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ জানান, সীমান্ত দিয়ে যাতে কোনো অবৈধ অস্ত্র বা মাদক প্রবেশ করতে না পারে, সেজন্য প্রতিটি ট্রাক কঠোরভাবে তল্লাশি করা হয়। এসময় উক্ত ট্রাকটি সন্দেহজনক মনে হলে কেবিন চেক করা হয় এবং ইয়ার পিস্তল উদ্ধার হয়। যেহেতু বাংলাদেশে অস্ত্র বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই তা জব্দ করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে আটক চালকরা দাবি করেছেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্যই তারা ট্রাকে অস্ত্রটি রেখেছিলেন। তবে বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।