বুড়িচংয়ে স্কুলে চুরির ঘটনায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচং উপজেলার কোদালিয়া ইকরা আদর্শ শিশু নিকেতনে রাতের আঁধারে দুর্বৃত্তরা হানা দিয়ে নথিপত্রসহ আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া গ্রামে অবস্থিত মরহুম নূরুল ইসলাম (আব্দুল হক) চেয়ারম্যান প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানটির অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র, ৯টি সিলিং ফ্যান, ডিনার সেট, একটি ফ্রিজ, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ভেতরে চরম বিশৃঙ্খলা এবং আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
বিদ্যালয়ের পরিচালক মো. দুলাল হোসেন মাস্টার জানান, ১৯৯৭ সালে সীমান্তবর্তী এই এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে মরহুম নূরুল ইসলাম চেয়ারম্যান এ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। বর্তমানে এখানে ১৬ জন শিক্ষক ও ২০০-এর অধিক শিক্ষার্থী রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শিক্ষক শামসুজ্জামান সায়েম ও গোলাম জিলানী জীবন জানান, পরদিন সকালে এসে তারা তালা ভাঙা ও অফিসকক্ষে মানববর্জ্য পড়ে থাকতে দেখেন, যা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা বলেও তারা মনে করেন।
এ ঘটনায় এলাকাবাসীসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এটি শুধুই সাধারণ চুরি নয়, বরং পূর্বপরিকল্পিত কোনো প্রতিহিংসা হতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।