বিমান দুর্ঘটনার পর ঢাকা সফরে ভারতীয় মেডিকেল টিম, গুরুতর রোগীদের চিকিৎসা মূল্যায়ন ও পরামর্শ বিনিময়
ডেইলি প্রথম বাংলাদেশ প্রতিবেদক | ঢাকা, ২৪ জুলাই ২০২৫
ঢাকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতি সহমর্মিতা ও চিকিৎসা সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সফর করছে একটি উচ্চপ্রশিক্ষিত ভারতীয় মেডিকেল টিম। সফরের শুরুতেই দলটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের সঙ্গে বিস্তারিত চিকিৎসা পরামর্শে অংশ নেয়।

ভারতীয় মেডিকেল টিমটি ইনস্টিটিউটে ভর্তি থাকা প্রতিটি গুরুতর আহত রোগীর অবস্থা পর্যালোচনা করে। তারা রোগীদের চিকিৎসা পদ্ধতি, বর্তমান ওষুধ প্রয়োগ এবং পুনর্বাসন পরিকল্পনা নিয়ে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। ভবিষ্যতের চিকিৎসা পদ্ধতি ও উন্নত প্রযুক্তি ব্যবহার নিয়ে মূল্যায়নও তুলে ধরেন।
উল্লেখ্য, ২১ জুলাই ২০২৫ তারিখে ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে, যেখানে বেশ কয়েকজন পাইলট, প্রশিক্ষণার্থী এবং সাধারণ নাগরিক গুরুতর আহত হন। এই মর্মান্তিক ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে সম্ভাব্য সকল সহায়তা ও চিকিৎসা সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় এই বিশেষজ্ঞ মেডিকেল টিমের ঢাকা সফর।
ভারতীয় টিমে ছিলেন বার্ন ইনজুরি বিশেষজ্ঞ, প্লাস্টিক সার্জন, ট্রমা কেয়ার কনসালটেন্ট ও নার্সিং স্টাফ, যারা আন্তর্জাতিক মানবিক মিশনে অভিজ্ঞ এবং বিভিন্ন যুদ্ধক্ষেত্র ও দুর্যোগস্থলে কাজ করেছেন।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এ সফরকে “আঞ্চলিক সহযোগিতার একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ” বলে আখ্যা দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের চিকিৎসকদের মধ্যে এই সমন্বয় ভবিষ্যতে যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং সংকটকালীন চিকিৎসা প্রস্তুতির জন্য পথ তৈরি করবে।
সফরের শেষ দিনে ভারতীয় টিম ঢাকার শীর্ষ মেডিকেল কলেজ হাসপাতালগুলোর প্রতিনিধি ও বার্ন ইউনিটের চিকিৎসকদের সাথে একটি সমাপনী সেমিনারে অংশ নেবে, যেখানে রোগীর রিকভারি প্রসেস এবং আন্তর্জাতিক বার্ন ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা হবে।
ভারত বাংলাদেশ হাইকমিশনারের অফিসিয়াল ফেসবুক পোস্ট থেকে সমস্ত তথ্য নিশ্চিত করা হয়।