নিজস্ব প্রতিবেদক | পাঁচবিবি, জয়পুরহাট |
২১ আগস্ট ২০২৬
কাঁচা-পাকা পেঁপে শুধু পুষ্টিকর ফল নয়, এটি একই সঙ্গে একটি সম্ভাবনাময় ও লাভজনক কৃষিপণ্য। ভিটামিন এ, সি, ই, ফাইবার ও প্যাপেইন এনজাইমসমৃদ্ধ পেঁপের বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। এই চাহিদাকে কাজে লাগিয়ে পেঁপে চাষে সফলতার মুখ দেখছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের কৃষক মোতালেব হোসেন।
সীমান্তবর্তী তাজপুর গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে কৃষক মোতালেব হোসেন গত বছর পরীক্ষামূলকভাবে ১০০টি বিদেশি জাতের ‘শাহী’ পেঁপের চারা রোপণ করেন। প্রথম বছরেই সন্তোষজনক ফলন পাওয়ায় উৎসাহিত হয়ে চলতি মৌসুমে আড়াই বিঘা জমিতে প্রায় ৮০০টি চারা রোপণ করেছেন তিনি।
মোতালেব জানান, অনলাইনের মাধ্যমে বগুড়া ও পঞ্চগড় থেকে প্রায় ৫০ দিন বয়সী পেঁপের চারা সংগ্রহ করে জমিতে রোপণ করেন তিনি। চারা রোপণের সাড়ে পাঁচ মাসের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। বর্তমানে অধিকাংশ গাছ পেঁপেতে ভরে গেছে।

কৃষক মোতালেব হোসেনের ভাষ্য, প্রতিটি গাছে এক মণ থেকে আড়াই মণ পর্যন্ত পেঁপে ধরেছে। গত বছর কোনো কোনো পেঁপের ওজন প্রায় ৭ কেজি পর্যন্ত হয়েছিল। তবে চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁপের আকার কিছুটা ছোট হয়েছে এবং ফলনও তুলনামূলক কম হয়েছে বলে জানান তিনি।
পেঁপে চাষের সুবিধা তুলে ধরে মোতালেব হোসেন বলেন, “ধান, পাট, গম ও ভুট্টা চাষে যে পরিমাণ খরচ হয়, তার তুলনায় পেঁপে চাষে খরচ অনেক কম। গাছেই যখন পেঁপে পাকতে শুরু করে, তখন বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়।”
তিনি আরও বলেন, পেঁপে চাষকে আরও সম্প্রসারণ করতে চান তিনি। এ জন্য কৃষি অফিস ও সরকারের কাছ থেকে প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ এবং আর্থিক সহযোগিতা প্রত্যাশা করেন। তাঁর মতে, প্রয়োজনীয় সহযোগিতা পেলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাও পেঁপে চাষের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারবেন।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন বলেন, “কৃষি অফিস থেকে চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি সরকারের বিভিন্ন অনুদান ও সহায়তা প্রদান করা হয়ে থাকে। পাকা পেঁপে ফল হিসেবে এবং কাঁচা পেঁপে সবজি হিসেবে—দুইভাবেই এর বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।”
তিনি আরও বলেন, পেঁপে ভিটামিন এ ও প্যাপেইন এনজাইমসমৃদ্ধ একটি ফল। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় পেঁপে চাষ লাভজনক হতে পারে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাও পরিকল্পিতভাবে পেঁপে চাষ করলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে।
কৃষক মোতালেব হোসেনের পেঁপে বাগান এখন স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। কৃষি বিভাগের পরামর্শ ও আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে জয়পুরহাটের পাঁচবিবিতে পেঁপে চাষ আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।