কালিগঞ্জে অজ্ঞান পার্টির কবলে এক পরিবার, সর্বস্ব লুট
হাফিজুর রহমান, সাতক্ষীরা (কালিগঞ্জ)
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অপরাধের শিকার হয়েছে একটি নিরীহ পরিবার। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে অজ্ঞান পার্টির সদস্যরা একটি বাড়িতে চেতনা নাশক পদার্থ ছিটিয়ে পুরো পরিবারকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। সোমবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাবেক বিএনপি নেতা জুলফিকার আলীর (৬২) বাড়িতে ঘটেছে এ হৃদয়বিদারক ঘটনা। রাতের খাবার শেষে ঘরের দরজা বন্ধ করে জুলফিকার আলী ও তাঁর স্ত্রী ঘুমিয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা জানালা দিয়ে চেতনানাশক স্প্রে ছিটিয়ে দু’জনকে অজ্ঞান করে ফেলে। পরে তারা দরজার তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
পরদিন সকালে ঘরের দরজা খোলা না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন গৃহকর্তা ও তার স্ত্রী অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে নলতা ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা এখনো শঙ্কামুক্ত নন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
প্রতিবেশী বিলাল, আল-আমিন ও রহিম জানান, রাতে বাড়িতে আর কেউ ছিলেন না। এলাকায় সম্প্রতি এ ধরনের ঘটনার প্রবণতা বেড়েছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
জানা গেছে, গৃহকর্তা জুলফিকার আলী কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর