অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে কড়া অবস্থানে প্রশাসন
মো. শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে কুমিল্লা নগরীতে আবারও শুরু হয়েছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান। মঙ্গলবার, ১ জুলাই সকাল থেকে নগরীর ব্যস্ততম এলাকাগুলোর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। এতে অংশগ্রহণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
অভিযানের আওতায় নগরীর কান্দিরপাড়, নিউ মার্কেট, রাজগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানপাট, অবৈধ স্থাপনা এবং বাণিজ্যিক মালামাল উচ্ছেদ করা হয়। এতে সড়কে দীর্ঘদিন ধরে চলাচলে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল, তা অনেকাংশে দূর হয় বলে জানান উপস্থিত পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।
অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এবং সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া। অভিযানে তাদের সঙ্গে নগর কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারাও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান এককালীন নয় বরং ধারাবাহিকভাবে চলবে। তারা স্পষ্ট জানিয়েছেন, জনসাধারণের চলাচলের সুবিধার্থে নগরীকে দখলমুক্ত রাখতে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের সময় পথচারীদের মধ্যেও স্বস্তির আবহ দেখা যায়।
সচেতনতামূলক আহ্বান:
কর্তৃপক্ষ নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে, নগরীর সৌন্দর্য ও চলাচলের সুবিধার্থে কেউ যেন ফুটপাত বা রাস্তার অংশ দখল করে কোনো ধরণের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা না করে। পাশাপাশি ব্যবসায়ীদেরও তাদের পণ্য সামগ্রী নির্ধারিত দোকানের গণ্ডির মধ্যে রাখার আহ্বান জানানো হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে কুমিল্লা নগরীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহরে পরিণত করার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, তা স্বাগত জানিয়েছে সচেতন মহল। তবে এর সফল বাস্তবায়নের জন্য প্রশাসনিক নজরদারির পাশাপাশি জনসচেতনতাও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।