চুয়াডাঙ্গার দর্শনায় ভেজাল সার জব্দ কৃষকের ক্ষোভ, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
সাব্বির আলিম
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত শহর দর্শনায় নকল টিএসপি সার বিক্রির ঘটনায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের পর এ জরিমানা আদায় করেন।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণের কৃষি কর্মকর্তা আশিক ইকবাল জানান, চলতি বছরের ৮ আগস্ট অভিযোগ আসে যে দর্শনা অঞ্চলের কিছু কৃষককে উচ্চ মূল্যে নিম্নমানের সার বিক্রি করা হচ্ছে। তাৎক্ষণিক অভিযানে গিয়ে প্রথমে এক কৃষকের কাছ থেকে একটি বস্তা সার জব্দ করা হয়। পরে ওই কৃষকের দেওয়া তথ্যের ভিত্তিতে আকন্দবাড়িয়া হাটমোড়ে কামরুল ট্রেডার্স নামের দোকান থেকে আরও ৮ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সার পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে প্রায় এক মাস পর প্রতিবেদন আসে। এতে জানা যায়, জব্দকৃত সব বস্তায় মাটির গুঁড়া ছাড়া কোনো কার্যকর উপাদান নেই, যা ফসলের জন্য কোনো কাজে আসবে না। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক কামরুল ইসলাম দাবি করেছেন, তিনি দীর্ঘ বছর ধরে এ সার বিক্রি করে আসছেন। বস্তার ভেতরে কী ছিল, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানিয়েছেন, প্রথম ধাপে কৃষকের অভিযোগের প্রেক্ষিতে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর ল্যাব পরীক্ষার ফলাফলে সারের ভেজাল প্রমাণিত হওয়ায় আরও ১ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কাগজপত্রও জব্দ করা হয়েছে।
শেষ পর্যন্ত জব্দকৃত সব সার স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করা হয়