নামের পাশে নতুন উপাধি যুক্ত হলো রাফিয়াত রশিদ মিথিলার
জনপ্রিয় অভিনেত্রী ও একাডেমিক রাফিয়াত রশিদ মিথিলা নতুনভাবে যুক্ত করলেন এক অনন্য পরিচয়—‘ডক্টর’। সুইজারল্যান্ডের সম্মানজনক জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি থিসিস সফলভাবে সম্পন্ন করে তিনি এই স্বীকৃতি অর্জন করেছেন। ২৬ আগস্ট নিজের ফেসবুক ওয়ালে এ তথ্য শেয়ার করে তিনি জানান, এটি তার জীবনের সবচেয়ে আবেগময় এবং গর্বের মুহূর্তগুলোর একটি।
ফেসবুক পোস্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, জেনেভা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছেন মিথিলা, আরেকটি ছবিতে প্রদর্শিত হয়েছে তার থিসিস পেপার।
মিথিলা লিখেছেন, “জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলতার সঙ্গে শেষ করতে পেরে আমি আবেগে আপ্লুত এবং গর্বিত বোধ করছি। পাঁচ বছরের একটি যাত্রার সমাপ্তি হলো যা ছিল একইসঙ্গে কষ্টের ও আনন্দের। আমার জন্য এই পথ চলার অর্থ হলো নিজের ফুলটাইম ক্যারিয়ার, মাঝে মাঝে অভিনয় করা এবং পারিবারিক দায়িত্বের সাথে তাল মিলিয়ে এই ডিগ্রি অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করা।”
তিনি আরও জানান, এই যাত্রা তার জন্য ছিল এক ধরনের “চূড়ান্ত মাস্টারক্লাস” যেখানে তিনি নিজেকে নতুনভাবে চিনেছেন এবং জীবন ও দায়িত্ব সামলানোর কৌশল রপ্ত করেছেন। পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, “তাদের সমর্থন ছাড়া এই পথচলা সম্ভব হতো না।”
সবশেষে উচ্ছ্বাস প্রকাশ করে মিথিলা লিখেছেন, “আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে এবং গর্বের সাথে আমার নামের পাশে ‘ডক্টর’ উপাধি যুক্ত করতে পারবো। এই উপাধি অর্জনের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি।”
উল্লেখ্য, একাডেমিক ব্যস্ততার মাঝেও রাফিয়াত রশিদ মিথিলা অভিনয়কে ভালোবাসা থেকে চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে একটি প্রসাধনীর বিজ্ঞাপনে অংশ নেন, যা দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে।