৮২টি ইউনিটে যুবদলের বিক্ষোভ মিছিল: অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় উদ্বেগ প্রকাশ, সফল কর্মসূচিতে নেতাকর্মীদের অভিনন্দন
১৭ জুলাই ২০২৫
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
সারা দেশে ৮২টি ইউনিটে একযোগে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। “অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আমরা উদ্বিগ্ন”—এই মূল প্রতিপাদ্যে অনুষ্ঠিত কর্মসূচিগুলোতে দলের হাজারো নেতাকর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির সফল বাস্তবায়নে দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এক বিবৃতিতে বলেন, “সারাদেশে যুবদলের ৮২টি ইউনিটে বিক্ষোভ কর্মসূচি সফলভাবে পালন করায় আমি দলের সকল মহানগর সভাপতি ও আহবায়ক এবং সাধারণ সম্পাদক ও সদস্য সচিব সহ সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এই কর্মসূচি আমাদের ঐক্য, শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অটুট অঙ্গীকারের প্রতিফলন।”
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা জনগণের মাঝে গুরুতর প্রশ্নের সৃষ্টি করেছে। দেশজুড়ে ক্রমবর্ধমান দমন-পীড়ন, অপপ্রচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মুখে যুবদলের এই প্রতিবাদ ছিল সময়োচিত এবং ন্যায্য।
যুবদলের এই বিক্ষোভ কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। অনেকেই এটিকে গণতান্ত্রিক শক্তির পুনর্জাগরণের ইঙ্গিত হিসেবে দেখছেন।
দলীয় সূত্রে জানা গেছে, অচিরেই আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে, যেখানে সারা দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রতিবাদী মিছিল ও সমাবেশ চালানো হবে।