মোহনপুরে বিপুল পরিমাণের রিং জাল পুড়িয়ে ধ্বংস
মোঃ আলাউদ্দীন মন্ডল
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে মৎস্যসম্পদ রক্ষায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণের রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ আগস্ট) সকালে কেশরহাট পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের ওয়াসিমের বাড়িতে বিপুল পরিমাণ রিং জাল মজুদ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় ২৭০টি রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। পরে উপজেলা চত্বরে এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, “কেশরহাট এলাকায় অভিযান চালিয়ে ২৭০টি রিং জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া জাল ব্যবসায়ী ওয়াসিমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। এজন্য সামাজিক সচেতনতা বাড়াতে হবে।”