মুন্সিগঞ্জ-৩ আসনে মহিউদ্দিন আহমেদকে এমপি হিসেবে দেখতে চান বিএনপি নেতা বিপ্লব
মুন্সিগঞ্জ প্রতিনিধি: মোঃ সুজন বেপারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব ও মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন আহমেদ।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এবং শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব জানিয়েছেন, তিনি মহিউদ্দিন আহমেদকে আগামী সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি হিসেবে দেখতে চান।
বিপ্লব বলেন, “দুর্দিনে মহিউদ্দিন সাহেবকে আমরা সবসময় পাশে পেয়েছি। তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখে ছিলেন, সাধারণ মানুষের পাশে ছিলেন। তার একমাত্র চিন্তা সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করা। আমি সাধারণ মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করি।”
এদিকে নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রচারণা জোরদার হলেও এখনো বিএনপি আনুষ্ঠানিকভাবে কাউকে মনোনয়নের সবুজ সংকেত দেয়নি। ফলে কে পাবেন দলীয় মনোনয়ন— তা নিয়ে জেলাজুড়ে চলছে জোর আলোচনা।
আজ সোমবার (২০ অক্টোবর) বিএনপির মনোনয়ন প্রক্রিয়া বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “এলাকায় সর্বোচ্চ গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থীরাই বিএনপির মনোনয়ন পাবেন। জনগণের কাছে কার অবস্থান ভালো, আমরা সেটি খোঁজখবর নিচ্ছি।”
রিজভী আরও বলেন, “আমরা আগে থেকেই কোনো প্রার্থীর নাম ঠিক করে রাখি না। একই আসনে একাধিক যোগ্য নেতা থাকতে পারেন। তাদের মধ্যে যে উপযুক্ত এবং সর্বোত্তম প্রার্থী, তাকেই বেছে নেওয়া হবে। অন্যদিকে অনেক দলে একক প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়— এটা ফ্যাসিস্ট মনোভাব। বিএনপিতে মতপ্রকাশের স্বাধীনতা আছে।”
তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত বিএনপি চূড়ান্ত তালিকা দেবে না। তফসিল ঘোষণার পরই প্রার্থীর নাম প্রকাশ করা হবে।