জনতার কণ্ঠস্বর ডেস্ক
বরগুনার বামনা উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল ১০টা থেকে বামনা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে দিনব্যাপী এই আয়োজন শুরু হয়।
উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ বায়েজীদ আহমাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কলেজ গেট থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও বাজার প্রদক্ষিণ করে লঞ্চঘাট ঘুরে বামনা বাজারে এসে ছাত্র সমাবেশে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম আহমেদ। তিনি বলেন,
“দেশে আদর্শিক নেতৃত্বের ঘাটতির কারণেই দুর্নীতি ও অনিয়ম প্রতিনিয়ত বেড়ে চলেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে সৎ ও আদর্শ নেতৃত্ব তৈরিতে কাজ করছে। আমরা ৫ আগস্ট দেশকে পুনরায় স্বাধীন করেছি, কিন্তু কাঙ্ক্ষিত স্বাধীনতার পূর্ণ স্বাদ এখনও জনগণ পায়নি। সেই স্বাদ জনগণকে পৌঁছে দিতে আগামী দিনে জাতির নেতৃত্ব ইসলামী ছাত্র আন্দোলনকেই হাতে নিতে হবে।”
সভাপতির বক্তব্যে হাফেজ মুহাম্মদ বায়েজীদ আহমাদ বলেন,
“কল্যাণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন অপরিহার্য। দেশের ত্রি-ধারার শিক্ষার্থীদের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন জনপ্রিয়তার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মুক্তিকামী শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি নৈতিকতার কাফেলা গড়ে তুলতে চাই, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেতন ভূমিকা রাখবে।”

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সেক্রেটারি ইসমাইল হোসেন জিহাদী, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইমরান হোসাইন, ইসলামী যুব আন্দোলন উপজেলা সভাপতি হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী মিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সহসভাপতি শেখ মুহাম্মদ রেদওয়ান হুসাইন, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম এবং তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মাহফুজ হোসেন সাব্বির প্রমুখ।
শেষে বামনা গোলচত্বরে সমবেত ছাত্র জনতার ‘আমিন আমিন’ ধ্বনির মাধ্যমে জুলাই আন্দোলনের সকল শহিদ এবং মালিবাগের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক দোয়া মোনাজাত পরিচালনা করে আনুষ্ঠানিকভাবে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।