নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রথম সংবাদ
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালের চেতনা ধারণ করে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, “আমরা ৫২’র ভাষা আন্দোলনের আত্মত্যাগ, ৭১’র মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪’র গণআন্দোলনের প্রেরণা ধারণ করে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের শক্তি দিক।”
তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, পল্লী উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং সমবায় খাতকে গতিশীল করার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
সরকারের এই অগ্রযাত্রায় দেশবাসীর সহযোগিতা কামনা করেন মন্ত্রী এবং সকলের দোয়া প্রার্থনা করেন।