তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫
প্রকাশক: বিএনপি মিডিয়া সেল
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই ফিলিস্তিনের ভাই-বোনদের প্রতি সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে এবং তা গর্বের সঙ্গে অব্যাহত রেখেছে।
দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণের খবর অত্যন্ত হৃদয়বিদারক। এই সম্প্রসারণ যেকোনো ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রকে কার্যত অসম্ভব করে দেবে। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনিরা, তাদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের ওপর যে ধারাবাহিক বর্ণবৈষম্য ও আক্রমণের শিকার হচ্ছে, তা নিশ্চিতভাবে গণহত্যা এবং পরিকল্পিত জাতিগত নির্মূলের মধ্যে পড়ে। এটি অত্যন্ত ঘৃণিত এবং নিন্দনীয়।”
তারেক রহমান আরও বলেন, “অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত এবং বসবাস করছে। ইসরায়েলি সরকারের এই পদক্ষেপ পুরো অঞ্চলকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, তাই আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।
আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, যেন তারা ইসরায়েলি সরকারের বসতি সম্প্রসারণের নিন্দা জানান এবং তাদের ওপর যথাযথ চাপ প্রয়োগ করে। একই সঙ্গে, আমি আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ করছি, যেন গাজায় ইসরায়েলি সরকারের গণহত্যা সংক্রান্ত রায় প্রদানে আর বিলম্ব না ঘটে, কারণ বিলম্বে ফিলিস্তিনিদের দুর্ভোগ ক্রমাগত বাড়ছে।”
সূত্র: বিএনপি মিডিয়া সেল