বরিশালে বিশেষ অভিযানে গ্রে/ফতার তৌহিদ আফ্রিদি
২৪ আগস্ট ২০২৫, রবিবার | ডেইলি প্রথম বাংলাদেশ
জুলাই গণহত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
জুলাই গণহত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। শনিবার দিবাগত রাতে বরিশাল থেকে ডিবি পুলিশের সহযোগিতায় সিআইডির একটি বিশেষ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত। মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বরিশাল থেকে আটক করা হয়।
এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এছাড়া ২২ নম্বর আসামি হিসেবে রয়েছেন তৌহিদ আফ্রিদির বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, যাকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি ৫ দিনের রিমান্ডে রয়েছেন।
সূত্র জানায়, জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও প্রায় ১৫০ জনকে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলাটিকে চলমান রাজনৈতিক অস্থিরতার সবচেয়ে গুরুত্বপূর্ণ তদন্ত হিসেবে দেখা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা জানান, “জুলাই গণহত্যা মামলার প্রতিটি আসামিকে আইনের আওতায় আনা হবে। যেই-ই হোক না কেন, কেউ ছাড় পাবে না।”
তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারকে কেন্দ্র করে অনলাইন জগতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ন্যায়বিচারের অগ্রগতি হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, প্রভাবশালী পরিবারগুলোর সন্তানরাও অবশেষে জবাবদিহির আওতায় আসছে।
এ মামলার অগ্রগতির পরবর্তী ধাপ হিসেবে তৌহিদ আফ্রিদিকে ঢাকায় নিয়ে আসা হবে এবং আদালতে তোলা হবে বলে জানিয়েছে সিআইডি।