তারিখ: ২ আগস্ট ২০২৫
প্রকাশক: দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
স্লোগান: জনতার কণ্ঠস্বর
জনতার কণ্ঠস্বর ডেস্ক:
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গোপন অভিযানে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, “রাফিকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।”
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর রাফি গোপনে কলকাতা থেকে কুমিল্লায় ফিরে আসেন। পুলিশ তথ্য সংগ্রহ করে স্থানীয় ফোর্সের সহায়তায় তাকে ফেনী থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, রাফির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে চারটি মামলা রয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধের পরও তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় হঠাৎ মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
রাফির রাজনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনের নামে অস্থিরতা তৈরির প্রচেষ্টার বিষয়গুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তথ্যসূত্র: কুমিল্লা জেলা ডিবি পুলিশ