কাদিয়ানিদের বিষয়ে সংসদে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা সালাহউদ্দিন আহমদের
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট :
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কাদিয়ানিদের বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না।”
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহতে বিশ্বাস করি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—আমি আখেরি নবী। আমার পরে আর কোনো রাসুল আসবে না। কেউ যদি পরে নবী হওয়ার দাবি করে, সে রাসুলুল্লাহ (সা.)-এর ঘোষণার বাইরে। যারা তাঁর পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না।”
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, রাষ্ট্রক্ষমতায় গেলে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পুনর্বহাল করা হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন, যা এখনও বহাল রয়েছে। তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে যুক্ত ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পরবর্তীতে বাতিল করা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, “আপনারা কি চান এটি পুনর্বহাল হোক?” এবং প্রতিশ্রুতি দেন—বিএনপি ক্ষমতায় গেলে এটি পুনর্বহাল করা হবে।
আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে উত্থাপিত সব দাবি-দাওয়ার প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা সহ সব দাবিই জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, “যদি আল্লাহ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, আপনাদের আজকের সব দাবি-দাওয়া সংসদে উপস্থাপন করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এর পাশাপাশি তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জাতীয় সংসদে এসব বিষয়ে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ করেন।