অনলাইনে প্রতারণা: নাগরিকদের প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ সতর্কবার্তা
চট্টগ্রাম | ২৬ জুলাই ২০২৫
সাম্প্রতিক সময়ে প্রযুক্তিনির্ভর অপরাধ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (CMP) নাগরিকদের প্রতি অনলাইনে প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে। এক বিশেষ সর্তকতামূলক ফেসবুক পোস্টে CMP অনলাইনে সংঘটিত বিভিন্ন ধরণের প্রতারণার কৌশল এবং প্রতিকারমূলক করণীয় তুলে ধরেছে।
CMP জানায়, বর্তমানে ফেসবুক, ম্যাসেঞ্জার, ই-মেইল, ইউটিউব, মোবাইল কল ও SMS-এর মাধ্যমে প্রতারণার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতারকরা নিজেদের কখনো সরকারি কর্মকর্তা, কখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা কখনো প্রবাসী আত্মীয় সেজে সাধারণ নাগরিকদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য আদায় করছে।
ফিশিং (Phishing) এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নামক কৌশল ব্যবহার করে এরা মানুষের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, OTP ও পিন সংগ্রহ করে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) বা সাধারণ ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাৎ করছে।
সতর্ক থাকতে নাগরিকদের প্রতি CMP-এর নির্দেশনা:
অচেনা নম্বর বা লিংকে ক্লিক না করা;
জাতীয় পরিচয়পত্র, OTP, পাসওয়ার্ড বা পিন কাউকে না দেওয়া;
লোভনীয় পুরস্কার বা লটারির প্রলোভনে প্রতিক্রিয়া না দেখানো;
কেউ আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে টাকা চাইলে নিকটস্থ থানায় অবহিত করা।
CMP বলেছে, “আমরা সবাই সচেতন হলেই প্রতারণা রোধ করা সম্ভব। নিজে সতর্ক থাকুন, পরিবার ও প্রিয়জনকেও সতর্ক করুন।”
সাইবার অপরাধ দমনে কাজ করছে পুলিশের বিশেষায়িত ইউনিট। যেকোনো সন্দেহজনক আচরণ বা প্রতারণার শিকার হলে দ্রুত নগর পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।