সাংবাদিকতায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক নুরুল হুদা বাবু
তারিখ: ১ আগস্ট ২০২৫
প্রতিবেদন: বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
স্লোগান: জনতার কণ্ঠস্বর
সাংবাদিকতায় দীর্ঘদিনের নিরব-নিষ্ঠ শ্রম এবং সাহসিক ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বরিশালের বিশিষ্ট সাংবাদিক নুরুল হুদা বাবু।
৩০ জুলাই বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে এক আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিএমএসএফ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন এবং সহ-সভাপতি জহুরুল হক।
নুরুল হুদা বাবুর সাংবাদিকতা যাত্রা শুরু হয় ১৯৯২ সালে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় ‘চাকুরি বার্তা’ পত্রিকায় শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে। বর্তমানে তিনি ‘কাউখালী বার্তা’র সহকারী সম্পাদক ও ব্যবস্থাপক এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ ৫২ বাংলা’-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর সাংগঠনিক ভূমিকার দিক থেকেও তিনি অনন্য। তিনি বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি, পিরোজপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এবং বিএমএসএফ কাউখালী শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক নুরুল হুদা বাবু একজন আপোষহীন কণ্ঠ। তিনি কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি, বরং অন্যায়ের বিরুদ্ধে কলম ধরাকে নিজের নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। দালালচক্র, সুবিধাবাদী গোষ্ঠী ও ক্ষমতাসীনদের লেজুড়ভিত্তিক সাংবাদিকতার বিরুদ্ধেই বরাবর সোচ্চার থেকেছেন। সাংবাদিক নির্যাতনের কোনো ঘটনা ঘটলে, তিনি ছুটে গেছেন সবার আগে, ছুটে গেছেন বিএমএসএফ-এর পতাকা তলে।
এই সম্মাননা শুধু তাঁর একক অর্জন নয়—এটি মফস্বলের সাহসী সাংবাদিকতার প্রতি এক গভীর স্বীকৃতি। তাঁর মতো আপোষহীন, সংগ্রামী সাংবাদিকদের হাত ধরেই বাংলাদেশে সত্যের সাংবাদিকতা টিকে থাকবে এবং এগিয়ে যাবে।
বাংলাদেশ প্রথম সংবাদ – জনতার কণ্ঠস্বর