কেশবপুরে মালয়েশিয়া প্রবাসীর জমি দখলের পাঁয়তারা: দুই স্ত্রী অসহায়, ভাইয়েরাই অভিযুক্ত
হাফিজুর রহমান, যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলায় এক মালয়েশিয়া প্রবাসীর নামে রেজিস্ট্রিকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তারই আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। প্রবাসী সুজিত বিশ্বাসের দুই স্ত্রী লিপিকা বিশ্বাস ও নিপা মন্ডল বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় কেশবপুর থানাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।
প্রথম স্ত্রী লিপিকা বিশ্বাস অভিযোগপত্রে জানান, তাদের শ্বশুর মৃত দুলাল বিশ্বাস জীবিত থাকাকালীন ২০১৩ সালে তার ছেলে সুজিত বিশ্বাসের নামে কালিচরণপুর মৌজার ৭ বিঘা ৩ শতক জমি রেজিস্ট্রি করে দেন। সেই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন তারা। যদিও প্রবাসী সুজিত বিশ্বাস গত ৮ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত, তবে তার দুই স্ত্রী—লিপিকা ও নিপা মন্ডল—একই বাড়িতে মিলেমিশে বসবাস করে আসছেন।
অভিযোগ অনুযায়ী, সেই সম্পত্তির মধ্যে ১০৪৬ নম্বর আরএস দাগের ৯০ শতক জমি দখলের চেষ্টা করছেন প্রবাসীর বড় ভাই সঞ্জিত বিশ্বাস (৪০), ছোট ভাই অসিত বিশ্বাস (৫৫), অসিতের স্ত্রী লাবনী বিশ্বাস (৪৫), ও স্থানীয় ইউপি সদস্য অসীম (৪৫)। শুধু দখল নয়, বরং নানা ধরনের ভয়ভীতি, হুমকি এবং মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
এক ভয়ঙ্কর ঘটনা তুলে ধরে লিপিকা বলেন, “২০ জুলাই বিবাদীরা আমার সতীন নিপা মন্ডলকে ইউনিয়ন পরিষদে গিয়ে সাদা কাগজে স্বাক্ষর দিতে বাধ্য করার হুমকি দেয়। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।” এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
ছোট স্ত্রী নিপা মন্ডল বলেন, “আমাদের স্বামী সুজিত বিশ্বাসের নামে জমির কাগজপত্র বৈধভাবে রেজিস্ট্রি করা হয়েছে। কিন্তু এখন প্রবাসে থাকার সুযোগে আমাদের সম্পত্তিতে মৎস্য ঘের দখল করে নিতে চাইছে আমাদেরই ভাশুররা।”
অভিযুক্তদের মধ্যে অসিত বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বাবার সম্পত্তি তিন ভাইয়ের মধ্যে ভাগাভাগির সিদ্ধান্ত হয়েছিল। এলাকাবাসীও সেটা জানে।” অন্যদিকে ১ নম্বর বিবাদী সঞ্জিত বিশ্বাস আরও আগ্রাসী ভঙ্গিতে বলেন, “ওই দুই বউ (লিপিকা ও নিপা) আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে, হাত-পা ভেঙে দেব তাদের!”
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, “অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রবাসী সুজিত বিশ্বাসের স্ত্রীদের পক্ষ থেকে দাবি উঠেছে— প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে এবং নিরপরাধ নারীদের নিরাপত্তা নিশ্চিত করে।
আরও জানা যায়, অভিযুক্তদের জামাই বাবু এ বিষয়ে স্থানীয়ভাবে বিভ্রান্তিমূলক মন্তব্য দিয়েছেন, যা ভিডিও ফুটেজে রেকর্ড রয়েছে। পুরো ঘটনার তদন্ত স্বচ্ছভাবে হলে আসল সত্য উদ্ঘাটিত হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।