মোবাইল সার্ভিসিংয়ের নামে কাস্টমারের ব্যক্তিগত তথ্য চুরি — ব্ল্যাকমেলিং চক্রের মূলহোতা গ্রেপ্তার
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল সার্ভিসিংয়ের নামে কাস্টমারের ব্যক্তিগত ছবি হাতিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাব্বির হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌর এলাকার আলীনগর-বিদিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
৩২ বছর বয়সী সাব্বির হোসেন পৌরসভার মিল্কি মহল্লার মোজাম্মেল হকের ছেলে। তিনি ওই এলাকাতেই একটি মোবাইল সার্ভিসিং দোকান চালান।
সূত্রে জানা গেছে, সম্প্রতি এক ব্যক্তি তার মোবাইল মেরামতের জন্য সাব্বিরের দোকানে দেন। সেই সুযোগে সাব্বির মোবাইলের ভেতরের সকল ছবি কপি করে নেয়। পরবর্তীতে ওই ব্যক্তির নামে একটি ফেইক ফেসবুক আইডি খুলে সেখানেই ছবিগুলো আপলোড করে।
ভুক্তভোগী দ্রুত বিষয়টি বুঝতে পেরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, “অভিযোগের ভিত্তিতে সাব্বির হোসেনকে আটক করা হয়েছে। তার দোকানে থাকা একটি কম্পিউটারও জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”