নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ জুন) রাত পৌনে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
পারিবারিক সূত্র জানায়, রাত ৯টার দিকে নিজ বাসায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় শুক্রবার রাত ১২টায় খুলনার জাতিসংঘ শিশুপার্কসংলগ্ন আল হেরা জামে মসজিদের সামনে। শনিবার সকালে তাঁর মরদেহ নেওয়া হবে দিঘলিয়া উপজেলার গ্রামের বাড়ি ব্রম্মগাতিতে, যেখানে দুপুর ১২টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
মামুন রেজার মৃত্যুতে খুলনার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে খুলনা গেজেট পরিবারসহ বহু সহকর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি পেশাগত জীবনে সাংবাদিকতায় সততা, নিষ্ঠা ও নির্ভীকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।