মরহুম আলহাজ্ব নাজির হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী ৭ আগস্ট
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক; সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান
স্টাফ রিপোর্টার | দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
বাংলাদেশের সমাজকল্যাণ, শিক্ষা, মানবসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্মরণীয় অবদান রেখে যাওয়া বিশিষ্ট সমাজসেবক, লেখক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এবং আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব নাজির হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৭ আগস্ট ২০২৬ বিকেল ৫টায় রাজধানীর ৮৮/১, জগন্নাথ সাহা রোড, লালবাগ, ঢাকা-এ এক স্মরণসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের প্রকাশিত নিমন্ত্রণপত্র অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আন্তর্জাতিক সমাজকর্মী এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক।
তিনি এক শুভেচ্ছা বার্তায় মরহুম নাজির হোসেনের বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, সমাজকল্যাণ, শিক্ষা বিস্তার, মানবসেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মরহুম নাজির হোসেন ছিলেন এক অনুকরণীয় ব্যক্তিত্ব। পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশেও তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর প্রতিষ্ঠিত আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অসংখ্য মানুষের আস্থা অর্জন করেছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, মরহুম নাজির হোসেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মরহুম আনোয়ার হোসেনের বড় ভাই ছিলেন। তিনি শুধু একজন সমাজসেবকই নন, একজন লেখক, সংগঠক এবং মানবকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত ছিলেন। তাঁর জীবনাদর্শ, সততা, মানবিকতা ও সমাজগঠনের চিন্তাধারা আজও অনেকের কাছে অনুসরণীয়।
আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক জানান, মরহুম নাজির হোসেনের সঙ্গে তাঁর দীর্ঘ প্রায় ৬২ বছরের পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। স্কুলজীবন থেকেই তাঁদের দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই দীর্ঘ সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি বলেন, মরহুম নাজির হোসেন ছিলেন একজন সৎ, নীতিবান ও মানবপ্রেমী মানুষ, যিনি মানুষের কল্যাণকেই জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন।
তিনি বলেন, একজন মানুষের প্রকৃত পরিচয় তাঁর সম্পদে নয়, তাঁর কর্মে। মরহুম নাজির হোসেন তাঁর কর্মের মাধ্যমেই মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন। সমাজের প্রতি তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাঁর মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সমাজসেবায় উদ্বুদ্ধ করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মরণসভায় মরহুমের কর্মময় জীবন, সমাজসেবামূলক কর্মকাণ্ড, শিক্ষা বিস্তারে অবদান এবং মানবিক দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। এছাড়া তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণকে অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুম আলহাজ্ব নাজির হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন। একই সঙ্গে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন এবং সকল মানুষের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।
ঢাকার হাজারীবাগে জাতীয় তরুণ সংঘের সম্প্রতি গরীব অসহায় মানুষদের মধ্যে মাসিক খাদ্য বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক বীরমুক্তিযোদ্বা জনাব সালাম সাহেব ও সভাপতি জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক (টুপি পরিহিত)

যোগাযোগ:
আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় তরুণ সংঘ
আন্তর্জাতিক সমাজকর্মী
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র
মোবাইল: +৮৮০১৭১১৫৪২৯১৬, +৮৮০১৮৪১৫৪২৯১৬