দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বেনাপোলের রাজু ও মাসুদ বহিষ্কার
স্টাফ রিপোর্টার | ২০ জুলাই ২০২৫
যশোর জেলা স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ এবং দুর্গাপুর ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ হোসেনকে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা শামীম আকতার।

তিনি জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের অনুমোদনে শনিবার (২০ জুলাই) এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
বহিষ্কৃত রাজু ও মাসুদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্যও দলীয়ভাবে নির্দেশ জারি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্থানীয় রাজনৈতিক কর্মসূচিতে শৃঙ্খলা লঙ্ঘন, অঘোষিত যোগাযোগ ও দলে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠে এই দুই নেতার বিরুদ্ধে। দীর্ঘ আলোচনার পর তাদের বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এই বহিষ্কারাদেশ স্বেচ্ছাসেবক দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় নির্দেশনার ধারাবাহিকতা হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।