ডেইলি প্রথম বাংলাদেশ প্রতিবেদক | বেনাপোল | ২৪ জুলাই ২০২৫
বেনাপোল স্থলবন্দরে কাস্টমস কার্যক্রম পরিদর্শন শেষে একগুচ্ছ বার্তা দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে ঘরোয়া বৈঠক ও সরেজমিন পরিদর্শনের পর তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
চেয়ারম্যান জানান, “বেনাপোল দেশের সবচেয়ে বড় স্থলবন্দর। এখানে রাজস্ব ফাঁকি, পণ্য জট ও হয়রানি দূর করতে হলে ডিজিটালাইজেশন, জবাবদিহিতা এবং দলীয় প্রভাবমুক্ত একটি পরিবেশ জরুরি।”
তিনি বলেন, “আমরা চাই বেনাপোল হোক আন্তর্জাতিক মানের একটি আধুনিক কাস্টমস হাব। রাজস্ব আদায়ে যেন আর কোনো গাফিলতি না থাকে।”
পরিদর্শনকালে তিনি কাস্টম হাউজের কার্যক্রম, বন্দরের শুল্ক পরিশোধ পদ্ধতি, পণ্যের ছাড়করণ সময় ও ভোগান্তি সম্পর্কে খোঁজ নেন। এছাড়া বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পোর্ট ইউজারদের কাছ থেকেও অভিযোগ শোনেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, “যেখানে দুর্নীতির গন্ধ পাওয়া যাবে, সেখানে আমরা অ্যাকশন নেব। কাস্টমস অফিসাররা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করেন, তাহলে শাস্তি নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে শিগগিরই নতুন প্রযুক্তি ও স্ক্যানার স্থাপন করা হবে। একই সঙ্গে কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং প্রোগ্রামও চালু হচ্ছে।
স্থানীয় সাংবাদিকরা আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় দালালচক্র, রাজনৈতিক প্রভাব এবং বন্দরের অব্যবস্থাপনার বিষয়ে প্রশ্ন তুললে এনবিআর প্রধান বলেন, “আপনারা সাহস করে লিখুন, আমরা ব্যবস্থা নেব। দেশ ও রাজস্বের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না।”
এসময় যশোর কাস্টম হাউজের কমিশনার, বেনাপোল কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিজিবি-পুলিশের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।