ভারতফেরত যাত্রীর কাছ থেকে ১০ হাজার ডলার ও ১ লাখ ১০ হাজার রিয়াল উদ্ধার
বেনাপোলে পাসপোর্ট যাত্রী আটক
বেনাপোল (যশোর), ২১ নভেম্বর ২০২৫
রাহাত হোসেন, শার্শা প্রতিনিধি
ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে শফিউল ইসলাম (৫৫) নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিজিবির তল্লাশিতে শফিউলের কাছ থেকে ১০ হাজার মার্কিন ডলার ও ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৪৯ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা।
আটক শফিউল ইসলাম ঢাকার লালবাগ থানার সিরাজুল ইসলামের ছেলে। তার পাসপোর্ট নম্বর বি-০০৭৪৫৬৬৩।
স্থানীয় যাত্রী জসীমউদ্দীন অভিযোগ তুলে বলেন,
“কাস্টমস স্ক্যানিং পার হয়ে এমন পরিমাণ টাকা কীভাবে বের হলো? নিশ্চয়ই কাস্টমসের কারো যোগসাজশ ছাড়া সম্ভব নয়।”
বেনাপোল আন্তর্জাতিক বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান,
“ভারত থেকে কাস্টমস চেকপোস্ট পার হয়ে যাত্রীটি টার্মিনালের সামনে এলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশিতে উক্ত ডলার ও রিয়াল পাওয়া যায়।”
আটককৃত শফিউল ইসলামকে উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রাসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।