বগুড়া ধুনটে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা ধুনট উপজেলা পৌর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি শ্রী বানেশ্বর হাওয়ালদার (৭৫) সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে ধুনট সদর পাড়ার বাসিন্দা শ্রী আশিষ কুমার সাহা (৪৫) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধুনট পৌর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালান। এতে কমিটির সদস্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বানেশ্বর হাওয়ালদার আশিষ কুমার সাহার সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে বলা হয়েছে। গালিগালাজে বাধা দিলে তিনি মারমুখী আচরণ করেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার সাক্ষী হিসেবে সুবাস সাহা (৬৫), নিরানঞ্জন সরকার (৫০) ও প্রদীপ রায় (৫০) সহ স্থানীয় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনদের সঙ্গে পরামর্শ শেষে বিলম্বে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান অভিযোগকারী।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যেন আইনবিরোধী বা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”
অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।