গোপালদীতে সরকারি রাস্তা কেটে ভবন নির্মাণ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ!
সোহান মিয়া, আড়াইহাজার উপজেলা প্রতিনিধি ;
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার টোকসাদী এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত রাস্তা কেটে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৫টার দিকে টি আর প্রকল্পের আওতায় নির্মিত সড়কে ভবনের পিলার স্থাপনের জন্য গর্ত করার ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে অবৈধ কাজ বন্ধ করে দেয়।
অভিযানকালে রাস্তা কেটে তৈরি করা গর্তগুলো বালি ও মাটি দিয়ে পুনরায় ভরাট করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি মোকররমকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ সময় নির্মাণাধীন ভবনের তিনটি পিলার থেকে রড কেটে তা অভিযুক্তের স্ত্রী আছমা আক্তারের জিম্মায় দেওয়া হয়।
অভিযানের সময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোকররম এর আগেও একই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সেসময়ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দেয়।
সরকারি অবকাঠামো রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।