হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৯টি আগ্নেয়াস্ত্র ও ২৯টি হাত বোমা উদ্ধার, ডাকাত আটক
তারিখ: ৮ আগস্ট ২০২৫
রিপোর্টার: হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৯টি হাত বোমা উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরঈশ্বর বাংলাবাজার মাছ ঘাট থেকে তাকে আটক করা হয়। বিকেলে কোস্টগার্ডের পক্ষ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক, যিনি স্থানীয়ভাবে ‘নিজাম ডাকাত’ নামে পরিচিত। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা এবং আজিজুল হকের ছেলে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার মাছ ঘাট থেকে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাংলাবাজার মাছ ঘাটে থাকা তার আড়তে তল্লাশি চালিয়ে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি বগিদা ও ২৯টি হাত বোমা জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম ডাকাত দীর্ঘদিন ধরে এই ঘাটে অবস্থান করে মাছ ব্যবসার আড়ালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। কোস্টগার্ডের অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাবাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন কিরন, স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীরা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, “আটক আবু বকর সিদ্দিককে জব্দ করা অস্ত্রসহ হাতিয়া থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”