আগস্ট ২০২৫, বুধবার | বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com
তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের ভার্চুয়াল অংশগ্রহণ, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দোয়া মাহফিল
ঢাকা, ৬ আগস্ট – দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব, সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষি মন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে আয়োজিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল।
বুধবার বিকেল সাড়ে ৪টায় মাহফিল শুরু হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। তারা মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও মীর নাসির উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থ, ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এবং জিয়া পরিষদ (নড়াইল জেলা শাখা)-এর সদস্য অধ্যাপক বি এম নাগিব হোসেন।

মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা মাহবুব আলী খানের কর্মময় জীবন ও দেশপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন,
“তিনি ছিলেন সততার প্রতীক, রাষ্ট্র পরিচালনায় একজন দূরদর্শী, নিবেদিতপ্রাণ এবং একজন আপসহীন দেশপ্রেমিক। রাজনীতি, সামরিক নেতৃত্ব এবং প্রশাসনিক দক্ষতা—তিনটি ক্ষেত্রেই তিনি অসাধারণ দক্ষতার সাক্ষর রেখেছেন।”
মাহফিলে কোরআন তিলাওয়াত, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশে জাতীয়তাবাদী চেতনার ধারক হিসেবে তাঁর মতো ব্যক্তিত্বদের আদর্শ অনুসরণ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।