সাবেক এমপি মনির ও স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ, অস্ত্র ও বহু মামলার অভিযোগ
যশোর প্রতিনিধি:
যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রী ফারদীনা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের শুনানি শেষে সোমবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এম এম মোর্শেদ এ আদেশ প্রদান করেন।
দুদক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল পরিমাণ অর্থ ও সম্পদের মালিক হন। এর একটি বড় অংশ স্ত্রী ফারদীনা রহমানের নামেও স্থানান্তর ও গচ্ছিত করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
সূত্রগুলো আরও জানায়, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে। এই সময়ে তার বিরুদ্ধে গুম, খুন, ভয়ভীতি প্রদর্শন, দখলবাজি, চাঁদাবাজি, লুটপাট এবং অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগে একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (আমলনামা) রয়েছে বলে দাবি করা হয়।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, আয়-ব্যয়ের চরম অসঙ্গতি, সরকারি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তদন্ত চলাকালে তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আদালত দুদকের উপস্থাপিত অভিযোগ, নথিপত্র ও যুক্তি বিবেচনা করে উভয়ের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেন।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে আদালত সূত্র জানিয়েছে।