মেহেরপুরে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন ও জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক | জনতার কণ্ঠস্বর | ৩০ জুলাই ২০২৫
মেহেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন ও জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত শত শত নেতা-কর্মীদের অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি সাহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দীন। বিশেষ অতিথির আসনে ছিলেন খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, কুষ্টিয়া আঞ্চলিক সভাপতি জোসেব উদ্দীন এবং কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম।
সম্মেলনের শেষ পর্বে মেহেরপুর জেলা হেযবুত তওহীদের ২২ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সাহারুল ইসলাম সভাপতি এবং জাহিদ মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় নারী সম্পাদক জেরিন সাইয়ারা, মেহেরপুর জেলা নারী সম্পাদক তানজিমা খাতুন রুমা, জেলা কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এই কর্মী সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে চাঙা উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য, আদর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। হেযবুত তওহীদের সংগঠনগত কার্যক্রমকে আরও সংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে সম্মেলনটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
হেযবুত তওহীদের স্থানীয় সংগঠকরা জানান, এ ধরনের সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের নীতি ও উদ্দেশ্য ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন নেতৃত্ব গঠনের একটি কার্যকরী ক্ষেত্র তৈরি হয়।
তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর